কেউ বাংলাদেশে এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে যাক আমরা তা চাই না— আমরা ভিক্ষা করতে চাই না লড়াই করে অধিকার আদায় করব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভাষাসৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী ও একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনার আয়োজন করে গণসংস্কৃতি দল। ওই অনংষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে যারা গণতন্ত্রের ‘লেবাস’ পরে গণতন্ত্রের কথা বলেন তারা মিথ্যা বলছে।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র নেই আমরা কারও কাছে কোনো দয়া ভিক্ষা করি না। আমরা এ কথা বিশ্বাস করি না যে কেউ এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে বুকের রক্ত দিয়ে। সেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভিক্ষা চাইবে না। লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
দেশ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশ এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভোট দিতে পারি না। মত প্রকাশ করতে পারি না। কেউ কিছু বললে ৫৭ ধারায় মামলা করা হয়। এমন পরিস্থিতি থেকে দেশের মানুষ মুক্তি চায়।’
তিনি আরও বলেন, খালেদা জিয়া অবৈধ ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারকে মেনে না নেয়ায় তাকে সাব-জেলে থাকতে হয়েছিল আর বর্তমান সরকারকে মেনে না নেয়ায় তার বিরুদ্ধে ৩৯টি মামলা দেয়া হয়েছে।
গতকাল রোববার বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর একটি হোটেলে দেখা করে। ওই বৈঠকের পর ফখরুল সুষমা স্বরাজকে উদ্ধৃত করে বলেন, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের চাওয়া, এ দেশে যেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে।