কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী এ অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার চট্টগ্রামে মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন দলের মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যেন মানুষের কাছে যেতে না পারে সে জন্য পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে।
তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে, জাতি তা দেখেছে।
বিএনপির দলীয় কোন্দলের কারণে হামলা হয়েছে বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীদের প্রশ্রয় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত তাদের নাম-ছবি গণমাধমে দেখা গেছে।
সত্যকে অস্বীকার করাও অপরাধ—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল, আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে এটাই প্রমাণিত।
চেয়ারপারসনকে নিরাপত্তা দেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব— হামলার ঘটনার পর আমরা পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি তিনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন, আশা করি তার গাড়িবহরে হামলার আর পুনরাবৃত্তি হবে না।
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।
পথে ফেনীর শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর হামলা চালানো হয় এতে এনটিভির সাংবাদিকসহ কয়েকজন আহত হন। রাতে খালেদা জিয়া চট্টগ্রামে অবস্থান করেন।
সকালে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন।