দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের জেলা সদর এবং শনিবার ঢাকা মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমে আসা-যাওয়া পথে হামলার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন ফেরার পথে ফেনীতে আওয়ামী লীগ ও সরকারের ইন্ধনে সুপরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে আবারো সংলাপের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সব প্রতিবন্ধকতার পরেও সফলভাবে বিএনপি নেত্রী রোহিঙ্গাদের ত্রাণ দিয়েছেন—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমের আন্তরিকতা প্রশ্ন তোলেন।
এ সময় যাওয়া-আসার সময় ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে দুই দফা হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।
অভিযোগ করে তিনি বলেন, সরকারের ইন্ধনে সুপরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে।
কঠোর কর্মসূচি দেয়া হচ্ছে না জানিয়ে সরকারকে সমঝোতায় বসারও আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।