রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের লোকেরা আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনের সড়কে অবস্থান নেয়। সকাল থেকেই এ নিয়ে উত্তেজনা চলছিল। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশও মোতায়েন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা মারপিটের ঘটনা ঘটে। কমিউনিটি সেন্টারের সামনে থাকা ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুর ও ৩টিতে আগুন দেয়া হয়। মোটরসাইকেলগুলো দুই পক্ষের নেতাকর্মীদের বলে জানা গেছে।
জানা গেছে, কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পূর্ব নির্ধারিত প্রস্তুতি সভা করছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেসকো স্বীকৃতি দেয়ায় আগামী ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি সভা ছিল এটি।
একই সময়ে ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ করে আরেকটি পক্ষ। এর পক্ষটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের অনুসারী বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।