বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির মাধ্যমে বাঙালি জাতি— একাত্তরে শহীদ ও মুক্তিযোদ্ধারা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যেন কখনো পাকিস্তানের প্রেতাত্মারা স্বাধীনতার ইতিহাস বিকৃতির সুযোগ না পায় সেজন্য বাংলাদেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন, যতোই মুছে ফেলার চেষ্টা করুক, ইতিহাস তার জায়গা করে নেবে। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে তখন কি তাদের লজ্জা হয় না?
তিনি বলেন, এদেশের মানুষ ২৩ বছর স্বাধীনতার ইতিহাস জানতে পারে নাই। প্রজন্মের পর প্রজন্ম এটা জানতে পারে নাই— এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হয় না।
তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণে জাতির পিতা সমগ্র বাংলাদেশের জনগণের ২৩ বছরের বঞ্চনা, শোষণ, নিপীড়নের কথা বলেছিলেন। সেই ভাষণের মধ্য দিয়ে তিনি একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ছাড়াও বক্তৃতা করেন পাঁচ বিশিষ্ট নাগরিক— অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী এবং বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল।