জাতীয় নির্বাচনে বিএনপি জোটে জামাত থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে লালমনিরহাটে স্থানীয় বিএনপির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, জনগণ গণবিচ্ছিন্ন হয়ে গেছে— সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে জনগণই আওয়ামী লীগকে বাধ্য করবে।
ঠাকুরপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রোববার রংপুর যাওয়ার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল একইদিন ঠাকুরপাড়ায় যাওয়ার কারণে সফর স্থগিত করেন মির্জা ফখরুল।
তবে রোববার লালমনিরহাটে মহেন্দ্রনগর বুড়ির বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন মহাসচিব।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক শিষ্টাচারের কারণেই রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, জোর করে ক্ষমতা দখল করে জনগণের ভোটের অধিকারহরণ করছে।
সেইসঙ্গে সংঘাত ছেড়ে আওয়ামী লীগকে সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে জামাত থাকবে বলেও জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিবন্ধন হারালেও দল হিসেবে এখনো জামাতকে নিষিদ্ধ করা হয়নি।