প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নয়— বিএপি'র রূপরেখা অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের কর্মকাণ্ডের নানা সমালোচনা করে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে।
বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র করলে তার পরিনাম ভয়াবহ হবে বলেও হুশিঁয়ারি উচ্চারণ করেন বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে দলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিগগিরই বিএনপি চেয়ারপারসন নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা ঘোষণা করা হবে।
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতাসীন দলের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শামসুজ্জামান দুদু আরো বলেন, আগামী নির্বাচন সময় মতো ও উৎসবমুখর পরিবেশেই হবে। আর সেই নির্বাচনে বিএনপি যাবে। তবে শেখ হাসিনার অধীনে ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে— এটা আওয়ামী লীগ ভুলে গেলে তাদের জন্য ভালো হবে।