স্থানীয় সংসদ সদস্য আর তৃণমূল নেতাদের দ্বন্দ্ব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের জন্য— বিষয়টি নজরে এসেছে খোদ দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।
গতকাল সংসদীয় দলের সভায় তিনি জানান, নির্বাচনের মাঠে একাধিক প্রার্থী থাকতে পারে তবে বন্ধ করতে হবে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি। এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে আওয়ামী লীগের উন্নয়ন আর বিএনপি-জামাতের সন্ত্রাসের চিত্র।
তিনি জানান, সবার আমলনামা হাতে মুখ দেখে এবার আর মনোনয়ন নয়।
নেতারা বলেন, নেত্রীর এমন বার্তা মেটাবে দ্বন্দ্ব-কোন্দল—চাঙ্গা হবে তৃণমূল।
বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় দলের নিয়মিত সভা। সভায় দলীয় সংসদ সদস্যদের আগামী নির্বাচনের জন্য নানা দিক নির্দেশনা দেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলে স্থানীয় নেতাদের আর সংসদ সদস্যদের দ্বন্দ্ব-কোন্দলের বিষয়ে সতর্ক করে দেন তিনি। সভায় উপস্থিত নেতারা জানান, অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এবার কঠোর নেত্রী।
কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রূপ নিচ্ছে সংঘাত-সহিংসতায়। গৃহবিবাদ বন্ধ করে জনগণের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার নির্দেশ শেখ হাসিনার।
নেতারা বলেছেন, আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে সবাইকে ইতিবাচক থাকতে বলেছেন সভানেত্রী।
আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ছয় মাস পরপর জরিপ চালানো হচ্ছে বলে সতর্ক করে দেন দলের সভানেত্রী। দলীয় প্রার্থী মনোনয়নে তিনি এবার আরও কঠোর হবেন বলে মনে করছেন নেতারা।