তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশে জিয়া পরিবারের অর্থ পাচার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন- এ দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।
সৌদি আরবে পাচার করা অর্থের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে দুদকের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় কাদের বলেন, বিএনপি দুর্নীতি করে পার পাবে না— এছাড়া সরকারের মেগা প্রকল্প সম্পর্কে বিএনপির দুর্নীতির অভিযোগ ঠিক নয়।
দুর্নীতির প্রমাণ দিতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
কম্বোডিয়া সফর থেকে দেশে ফিরে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে কম্বোডিয়া সফর ছাড়াও চলমান রাজনীতি এবং বিএনপির বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সৌদি আরবে জিয়া পরিবারের অর্থপাচারের কথা উঠে আসে সংবাদ সম্মেলনে।
গতকাল বিএনপি নেত্রী ও তার পরিবারের সৌদি আরবে অর্থ পাচারের ব্যাপারে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য মিথ্যা দাবি করে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান, ভাই শামীম ইস্কান্দারের সৌদি আরবে অর্থ পাচারের ব্যাপারে তথ্য নির্ভর বক্তব্যই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান কাদের।
সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে জিয়া পরিবারের পাচারকৃত অর্থের হিসাব তুলেও ধরে তিনি বলেন, দুর্নীতি করে বিএনপি আদালতের হাত থেকে রক্ষা পাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৎ রাজনৈতিক নেতা হিসেবে দাবি করে তার সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুসহ সরকারের উন্নয়ন নিয়ে দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পদ্মা সেতু ও মেট্রোরেলের দুর্নীতি প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।