রংপুর সিটি করপোরেশন -রসিক নির্বাচনে সুক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচন হয়েছে ভোটাররা ভয়ে ভোট দিতে যেতে পারেননি।
রিজভী আরো বলেন, সকাল থেকে বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে দুই দফা সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
নির্বাচন নিয়ে তিনি নানা অনিয়মের অভিযোগ করেন।
রংপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘন করলেও নির্বাচন কমিশন নির্বিকার বলে রিজভী অভিযোগ করেন।
নির্বাচনে ভোটচুরিরও অভিযোগ তোলে বিএনপির এ নেতা বলেন, ভোটাররা ভয়ে ভোটকেন্দ্রে যাননি।
সকালের সংবাদ সম্মেলন
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভোট শুরুর আগের রাতেই বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়। সে সময় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।
রংপুরে অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও প্রচারণার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করছেন।
এরপরও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তিনি।