জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ফিলিস্তিনিদের সহযোগিতায় বাংলাদেশ সব সময় প্রস্তত জানিয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ফিলিস্তিনের পক্ষে বিশ্ব জনমত গঠনে বাংলাদেশ কাজ করবে।
জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন স্বীকৃতির প্রতিবাদে ওয়ার্কাস পার্টির এই আলোচনা সভা। সভায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চার দফা প্রস্তাব তুলে ধরা হয়।
আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত যতদিন পর্যন্ত না ইসরায়েলের দখলদারিত্ব শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে তা ভবিষ্যতেও অব্যহত রাখার আহবান জানান তিনি।
জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন তাকে আশ্বস্ত করেন, অতীতেও ফিলিস্তিনের হয়ে বাংলাদেশ জীবন দিয়ে যুদ্ধ করেছে, ভবিষ্যতেও এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
ফিলিস্তিনের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে জাতিসংঘে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান রাশেদ খান মেনন।