রংপুর নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপির প্রাপ্ত ভোট দেখেই বোঝা যায়— এ বড় দুই দলের ওপর মানুষের আস্থা কমেছে— এমন মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার রাজধানীর ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জনদল-বিজেডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, রংপুর নির্বাচনের মাধ্যমে দুই দলের প্রতি জনগণ তাদের মতামত জানিয়ে দিয়েছেন। জাতীয় নির্বাচনে যুক্তফ্রন্টকে জয়যুক্ত করলে এ রাহাজানি থেকে মানুষকে রক্ষা করা হবে।
এ সময় তৃতীয় শক্তি হিসেবে যুক্তফ্রন্টকে আগামী নির্বাচনে সমর্থন দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, দেশে যেভাবে লুটপাট হচ্ছে, তা নজিরবিহীন। বড় দুটি দল দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠন করা যুক্তফ্রন্টের নেতারা।