রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন সরকারি দরের নেতা-মন্ত্রীরা।
জাতীয় নির্বাচনে একটি দলের উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা ফলাফলকে প্রভাবিত করবে বলে মনে করছেন তারা। রংপুর সিটির নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়েছেন তারা।
আর নির্বাচনে কারচুপি বিএনপির কারচুপির অভিযোগকে মূল্যহীন বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির নেতারা।
শুক্রবার সকালে সিলেট নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উদ্বোধন শেষে রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রংপুরে জাতীয় পার্টির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।
মন্ত্রী আরো বলেন, এ নির্বাচন পদ্ধতির নিরপেক্ষতা আছে তা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে খুব কমই পড়বে।
কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে।
এদিকে, ভোলা সদরের গাজীপুর রোডে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হয়েছে বিএনপি'র এমন অভিযোগের সমালোচনা করেন তিনি বলেন, বিএনপি সবকিছুকেই ভিন্ন চোখে দেখে।