গভীর রাতে ১৯৬ জন কর্মকর্তার পদোন্নতির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এমন প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগের সময়ই হয় বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাতের আধারে এমন পদোন্নতি নজিরবিহীন—উল্লেখ করে রিজভী বলেন, এ পদোন্নতিতে শত শত যোগ্য ও মেধাবি কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সরকার দেশের যে উন্নয়নের কথা বলছে- তা কসমেটিক উন্নয়ন।
পাকিস্তানি কাঠামো থেকে বেরিয়ে দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রের পথে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মঈন খান বলেন, বর্তমান সরকার পাকিস্তানি কায়দায় দেশ শাসন করছে।
মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা।