ঢাকা উত্তর সিটি করপোরেশনের- ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম তফসিল ঘোষণার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, দলের সভানেত্রী হয়তো কাউকে এ পদের জন্য বলে থাকতে পারেন।
এর মাধ্যমে জনগণের প্রত্যাশাও দলের সভানেত্রী যাচাই করতে পারেন বলে জানান ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে দলের ত্রাণ কমিটির শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী নেতা বিজিএমইএ'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন গণমাধ্যমে এমন খবরের বিষয়ে জানতে চাওয়া হলে দলের সাধারণ সম্পাদক বলেন, তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলার নেই।
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে দলের ত্রাণ বিষয়ক উপকমিটির আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের তিনি জানান, মেয়র পদের প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করতে পারেন দলের সভানেত্রী।
এসময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, আদালতে খালেদা জিয়ার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য যাওয়া ও ফেরার পথে পুলিশকে উস্কানি দেন বিএনপির কর্মীরা।
পরে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।