ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) ‘ব্যর্থতা’— বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন স্থগিত হওয়ায় সরকার লাভবান হবে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বিভিন্ন জরিপ চালিয়ে বুঝতে পেরেছে— এ নির্বাচনে জয়ী হতে পারবে না।
সীমানা নির্ধারণসহ অন্যান্য সমস্যা সামাধান না করেই ইসি উপ নির্বাচনরে তফসিল ঘোষণা করেছিল বলে জানান বিএনপির এ মহাসচিব।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিজেদের ভরাডুবির কথা বুঝতে পেরে আওয়ামী লীগ হাইকোর্টের মাধ্যমে ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিত করেছে।
সরকারের ইঙ্গিতেই হাইকোর্টের মাধ্যমে ডিএনসিসির উপ-নির্বাচন স্থগিত করানো হয়েছে— উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ডিএনসিসি উপ-নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। এতে আওয়ামী লীগের ভরাডুবির কথা ফুটে উঠায় নিজেদের লোক দিয়ে সরকার আদালতে রিট করিয়েছে।
এছাড়াও জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কোনোভাবেই সাজা দেয়া সম্ভব নয় বলেও জানান বিএনপির এ নেতা।
আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারেই নির্দশেই নির্বাচন কমিশন আইনী ক্রটি রেখে এই তফসিল ঘোষণা করেছে।
এটা সরকারেরই নীল নকশার একটি অংশ বলেও মন্তব্য করেন তিনি।