ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা-ই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এটি ছাত্রলীগের জন্য নতুন কোনো ঘটনা নয়—এ কথা উল্লেখ করে ফখরুল বলেন, এর আগে বহুবারই তারা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে।
বুধবার বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানি কবরস্থানে দোয়া মাহফিল ও গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একনায়কতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে, তখনই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলেও জানান মির্জা ফখরুল।