তৃণমূলে দ্বন্দ্ব-কোন্দল নিরসন আর আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা নিয়ে শুক্রবার থেকে সারাদেশ সফরে বের হচ্ছে আওয়ামী লীগের ১৫টি টিম।
বৃহস্পতিবার দেশটিভিকে এসব কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, তৃণমূলের মতভেদ দুর করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের মাঠে নামানোই এ সফরের উদ্দেশ্য।
দলে এ মুহূর্তে কিছুটা অস্থিরতা থাকলেও নির্বাচনের আগেই পরিস্থিতি ঠিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা।
এ বছরের শেষেই একাদশ জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে বছরের শুরু থেকেই মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভানেত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার আগে, শুক্রবার থেকেই সারাদেশ সফরে বের হচ্ছে আওয়ামী লীগের ১৫টি টিম। তৃণমূলে, অভ্যন্তরীন দ্বন্দ্ব-কোন্দল নিরসন করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করাই এ সফরের লক্ষ্য।
হানিফ বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলে যেন ঐক্যবদ্ধ থাকে সে বার্তাটা তৃণমূলে পৌঁছানো হবে।
জনগণের সামনে তুলে ধরা হবে বিএনপি-জামাত জোট শাসনামলের সঙ্গে আওয়ামী লীগ সরকারের তুলনামূলক চিত্র বলেন তিনি।
প্রথমে জেলা, পরে পর্যায়ক্রমে উপজেলা, প্রয়োজনে ইউনিয়ন পর্যন্ত সফর করবেন কেন্দ্রীয় নেতারা। চার মাসের এ সফর শেষে সারাদেশের সাংগঠনিক চিত্র রিপোর্ট আকারে দেয়া হবে সভানেত্রী শেখ হাসিনার কাছে।