রায়ের পরপরই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আদালতের রায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এ আক্রোশ মোকাবেলা করবে। প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের জন্য দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছে। তাই এ রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি।
তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র নিশ্চিহ্ন করতে এ রায় দেওয়া হয়েছে। এ রায়কে গণবিরোধী বলেও মন্তব্য করেন রিজভী।
এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে সরকার জনমনে অজানা আতঙ্ক সৃষ্টি করছে।
রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তারা কি আইনশৃঙ্খলা বাহিনী নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী। আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে ভয় পায়।
এদিকে, রাজধানীতে হাইকোর্ট গেটে অবস্থান নিলে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ তাদের হাইকোর্টের ফটকের ভেতর ঢুকিয়ে দেয়।