বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা।
বায়তুল মোকাররমে শুরু হওয়া বিএনপির বিক্ষোভ মিছিল নয়াপল্টনে গিয়ে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের রায়কে কেন্দ্র করে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকালের ঘোষণা অনুযায়ী শুক্রবার বিএনপি নেতাকর্মীদের মিছিল শান্তিপূর্ণই ছিল।
খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন সারাদেশে- ইত্যাদি স্লোগান দিয়ে মিছিলটি যখন বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ওপরে ব্যালকনি থেকে হাততালি দিয়ে তাদের সমর্থন জানান রিজভী।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলী নোমান বলেন, যেহেতু তারা কোনো আনরুলি অবস্থানে ছিল না, সেইজন্য পুলিশও ধৈর্য্য সহকারে শান্তিপূর্ণ মিছিলকে শান্তিপূর্ণভাবে শেষ করেছে।
মিছিলে আসা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যান তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বায়তুল মোকাররমে নামাজ পড়ে মিছিলে যোগ দেন। ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন মিছিল ছিল, তবে দৈনিক বাংলার কাছে গিয়ে মিছিল থেকে সরে একটি গাড়িতে ওঠেন মির্জা ফখরুল।
পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে বিএনপি-নেতাকর্মীদের মিছিল কোথাও কোথাও কিছুটা এলোমেলো হয়ে যেতে দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলে উপস্থিতি বাড়তে থাকে।
দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল দিয়ে মিছিলটি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে।
বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদের মিছিল বেশ বড় আকার পায়। পুলিশ সদস্যদের পেছনে রেখে কয়েকশ বিএনপিকর্মীর ওই মিছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে।
এক পর্যায়ে সামনে থেকে পুলিশের আরেকটি দল এগিয়ে এলে সংঘাত এড়াতে মিছিলকারীরা নাইটিঙ্গেল মোড়ের আগেই একটি গলির মধ্যে ঢুকে পড়েন আর তখনই পেছনের পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আশপাশের গলি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ, তবে কতজনকে আটক করা হয়েছে— তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শিবলী নোমান।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মিছিল বিক্ষোভ করার অধিকার মানুষের রয়েছে, তারা যে মিছিল করেছে, তাদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য মিছিলে সহযোগিতা দেয়া হয়েছে।
শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ধাওয়ার বিষয়ে শিবলী নোমান বলেন, মিছিলকারীরা যেহেতু গলিতে ঢুকে পড়েছিল সেখানে যেহেতু বাসা-বাড়ি আছে, সে কারণে হয়ত পুলিশ সেখানে গেছে।
এদিকে, দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
নাটোরে শুক্রবার সকালে শহরতলীর দত্তপাড়া বাজার থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের একটি ঝটিকা মিছিল বের হয়।
মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় নেতা-কর্মীরা।
এছাড়াও কিছু কিছু দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।