যেভাবে নির্জলা মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে তার জবাব দেশের মানুষ ব্যালটের মাধ্যমে দেবে— মানুষ ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগের খবর আছে –এ মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয়তাবাদী সংস্কৃতিক দল আয়োজিত ‘প্রতিবাদী নাগরিক সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের জন্য আন্দোলন করবে এবং নির্বাচনে যাবে।
মওদুদ বলেন, গণতন্ত্রের সংকট উত্তরণে সমঝোতার যে পরিবেশ তৈরি হচ্ছিলো, সরকার খালেদাকে জেলে নিয়ে সব দ্বার রুদ্ধ করে দিয়েছে, সংকট আরও ঘনীভূত করেছে এ দায় সরকারের।
কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সঠিক আচরণ করা হচ্ছে না এ অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, যেভাবে কারাগারে তাকে ট্রিট করা হচ্ছে, রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে, যেন একটা দিনও তাকে বেশি কারাগারে রাখা যায়, এর জবাব তারা পাবে। এই প্রতিহিংসা বর্তমান সরকারের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে, খালেদার জনপ্রিয়তা বাড়িয়েছে।
আপিল করা হলে পাঁচ বছরের জন্য জামিন পাবেন খালেদা জিয়া—এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনকে মুক্তির দাবিতে আন্দোলন প্রসঙ্গে বলেন, এ প্রথম দৃষ্টান্ত স্থাপন করবো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা যায়।
বিএনপির সামনে এখন দু’টি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে আনা এবং আন্দোলন চালিয়ে যাওয়া।