বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা।
তারা বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র কঠোর আন্দোলনের মধ্য দিয়ে মোকাবেলা করা হবে।
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করা হবে বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রাজধানীতে আলাদা আয়োজনে নেতারা এসব কথা বলেন।
এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকদের কাছেআজ স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কারাবাস ও তার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়ার মামলার রায়ের কপি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তবে, বিএনপি নেত্রীকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
আরেক অনুষ্ঠানে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন দলের নেতা-কর্মীরা।
স্মারকলিপি জমা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপস্থিত নেতা-কর্মীরা।
পরে বিএনপির স্মারকলিপি নিয়ে কথা বলেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুজ্জামান। জানান- খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জেলা প্রশাসকের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ আদালতের বিষয়।