মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোসহ তিন দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সভায় মহান স্বাধীনতা দিবসকে বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এবারই প্রথম সাভারে জাতীয় স্মৃতি সৌধে দলের চেয়ারপারসন গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকতে পারছেন না। সেই কারণে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণসহ সিনিয়র নেতারা সমবেতভাবে সকাল ৯টায় জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।
কর্মসূচি:
স্মৃতিসৌধ থেকে ফিরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেবেন বিএনপি নেতারা। স্বাধীনতা দিবস ২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি, বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ছাড়া ২৭ মার্চ ঢাকায় স্বাধীনতা শোভাযাত্রা এবং ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।দিবসটি উপলক্ষে বিএনপি বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ, ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সব জেলা অফিসে আলোকসজ্জাও করবে বলে জানান বিএনপি মহাসচিব।
এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, মনিরুল হক চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, নজরুল ইসলাম মনজু, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, মাহবুবুর রহমান শামীম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হারুনুর রশীদ, মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন ইশতিয়াজ আজিজ উলফাত, মোরতাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, সাইফুল ইসলাম ফিরোজ, নুরুল ইসলাম নাসিম, হেলাল খান, শাহ নেসারুল হক, এ বি এম আবদুর রাজ্জাক প্রমুখ।