বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে সরকার তাকে ক্রমানয়ে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারপর তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী অভিযোগ করেন, বিএনপি নয় আওয়ামী লীগই অশুভ শক্তি হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কথাবার্তায় স্বৈরচারী আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
রিজভীর অভিযোগ, খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই তাকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে। এখন তাকে চিকিৎসার সুযোগও দেয়া হচ্ছে না।
বিএনপির এ নেতা বলেন, চক্রান্ত বাদ দিয়ে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। তার চিকিৎসা কিসে ভালো হয়, সেটি তাকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিন। খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তার সুচিকিৎসা নিশ্চিত করুন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজা হওয়ায় ওইদিন থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।