সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আন্দোলন শুরুর যে পাঁয়তারা করছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ঘোষণায় তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এজন্য দলটি এখন হতাশায় ভুগছে বলেও দাবি করেছেন ওবায়দুল কাদের।
দেশকে অস্থিতিশীল করতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিএনপি নোংরা রাজনৈতিক বক্তব্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া আগামী ২২ এপ্রিল তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে রাজনৈতিক সফরে যাচ্ছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান স্বতঃফূর্ত ও শান্তিপূর্ণ হয়েছে।
উৎসবের দিনেও রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত না থাকায় বিএনপি সমালোচনা করেন তিনি।
ওবায়দুল কাদের আরো অভিযোগ করেন, কোটা সংস্কারের আন্দোলনকে ব্যবহার করে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল— কিন্তু প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণায় সে ষড়যন্ত্র ভেস্তে গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান,আগামী ২২ এপ্রিল তার নেতৃত্বে দলের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল দুইদিনের সফরে ভারত যাচ্ছে।