কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে— উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তার হাত-পা ও কোমরের ব্যথা বেড়েছে। বিএনপি চেয়ারপারসনকে নির্জন, পরিত্যক্ত ও স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। তাকে দেওয়া বিছানা-বালিশ অর্থপেডিকের একজন রোগীর জন্য অনুপযোগী।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে অর্থপেডিকের বেড দেওয়ার সুপারিশ করা হলেও এখনও সেই বেড দেয়া হয়নি। উন্নতি চিকিৎসার জন্য বারবার বলা হলেও বিষয়টি উপেক্ষা করছে কারাকর্তৃপক্ষ।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় খালেদা জিয়ার জামিনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিএনপি চেয়ারপারসন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যই সরকার এসব করছে বলে তিনি অভিযোগ করেন।