রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে এনে বিচারের কথা বলছেন— এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে উল্লেখ করে, এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এ নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার প্রসঙ্গে লন্ডনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন রিজভী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আসন্ন দুই সিটি নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, সরকারের ইচ্ছার ওপরই নির্ভর করছে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগের বিষয়টি। প্রয়োজন মনে করলে নির্বাচন কমিশন সেনা মোতায়েন করতে পারে। যে কারণে সেনাবাহিনী মোতায়েন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
একতরফা নির্বাচন করতেই সরকার নির্বাচন কমিশনকে তার ক্ষমতা ব্যবহারে বাধাঁ দিচ্ছে বলেও অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।