গণঅভ্যুত্থান ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
এদিকে, রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে গেছেন বিএনপি মহাসচিবসহ তিন নেতা।
আইজি প্রিজন না থাকায় বিএনপি নেত্রীর সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন নেতারা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রীর জামিন নিয়ে সরকার প্রতারণা করছে--এ কথা উল্লেখ করে তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সকল সংকট থেকে পরিত্রাণে নিরপেক্ষ সরকারের অধীনে আবারো নির্বাচনের দাবি জানান তিনি ।
ক্ষমতাসীন দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
ব্যাংকিং খাত নিয়ে সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণার সঙ্গে সহমত পোষণ করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি সেক্টরকে সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।