বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায় বলেই সরকার তার পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে— এ অভিযোগ করে দলটির নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি রেখে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না আর সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ্যতা ও তার মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলের নেতার হুঁশিয়ারি দেন, বিএনপিকে নিয়ে সরকারের কোন নীল নকশা কঠোর হাতে প্রতিহত করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তারেক রহমানের পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে সরকার জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে।
খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে, তাকে কারাবন্দি রেখে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে নিয়ে তারা নানা ষড়যন্ত্র করছে।
আর আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়েন না করাকে সরকারের নীল-নকশারই অংশ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।