আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে নির্বাচন কমিশনের- ইসি তফসিল ঘোষণা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ এই কমিশন দিয়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
মির্জা ফখরুলের অভিযোগ- কোনো সমঝোতা না করে দেশের রাজনীতিকে আওয়ামী লীগ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে আর ভরাডুবি হবে ভেবেই বিএনপিকে ছাড়া তারা আগামী নির্বাচন করতে চায়।
বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রমিকদলের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মে দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শের-ই বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে জেনেই সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।
নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করতে যাচ্ছে তা জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাজনৈতিক সমঝোতা না করে ক্ষমতাসীনরা দেশের রাজনীতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলও মন্তব্য করেন মির্জা ফখরুল।