বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বুধবার রাজধানীর প্রতিটি থানায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতির জন্য রোববার রাত পযর্ন্ত অপেক্ষা করেছি। কিন্তু পুলিশ জানিয়ে দিয়েছে, বিএনপিকে কোথাও সমাবেশের অনুমতি দেয়া হবে না। এর প্রতিবাদে ৯ মে ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সরকার জনআতঙ্কে ভুগছে— তারা জনগণ দেখলেই ভয় পায় এ কথা উল্লেখ করে রিজভী বলেন, এজন্য বিরোধীদলের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।