প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি শেষ হওয়া মালয়েশিয়ার নির্বাচন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতিতে খালেদা জিয়ার ৩৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রর্দশনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন কোন দল বা সরকারই বেশিদিন টিকে থাকতে পারে না। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে নাটক করার পর সরকার এখন খুলনা সিটি নির্বাচনেও পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার চালাচ্ছে।
খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে একটি মিথ্যা মামলায় সরকার তাকে কারাবন্দি করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। গাজীপুরের পর খুলনা সিটি নির্বাচন নিয়েও সরকার নানা ষডযন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার লোক দেখানো বাজেটের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি স্বামী জিয়াউর রহমানের প্রয়াণের পর ১৯৮৪ সালের ১০ মে গৃহবধু থাকা অবস্থায় চেয়ারপারসন হিসেবে দলের হাল ধরেন খালেদা জিয়া। পেরিয়ে গেছে ৩৪ বছর।