খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে তা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
নেতারা অভিযোগ করেন, এ নির্বাচনে জিততে ক্ষমতাসীনরা সাদা পোশাকের পুলিশ দিয়ে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
স্যাটেলাইট উৎক্ষেপণে বিপুল পরিমাণ দুর্নীতিরও অভিযোগ করেন নেতারা।
রোববার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা এসব বলেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন- খুলনা সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা প্রশাসন দিয়ে প্রভাব বিস্তার করছে।
এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্যাটেলাইট উৎক্ষেপণে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা জনগণ জানতে চায় বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তারা বলেন, বিভাগীয় কমিশনার দিয়ে যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে তা নীল-নকশারই অংশ।
জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বাবায়ক মাহমুদুর রহমান মান্না।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে সরকারের প্রতিরক্ষা চুক্তির সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।