আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনরায় যারা প্রত্যাখ্যান করে-জনগণও তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি।
বুধবার বিকালে ধানমন্ডি কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জয়ের প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে খুশি করতে হলে তাদেরকে সব নির্বাচনে জেতাতে হবে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির জনপ্রিয়তা কমছে।
তিনি আরো বলেন, খুলনায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। প্রচারণার শুরু থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল নিয়েছিল বিএনপি। মিথ্যাচারের ভয় দেখিয়ে জনমন জয় করা যায় না।
তিনি প্রশ্ন তোলেন, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন নাই হতো তাহলে বিএনপি এতো ভোট পেল কিভাবে?
বিএনপি নেত্রী জামিন পাওয়ার পরও কেন মুক্ত নয়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য মামলা থেকেও তাকে জামিন পেতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার জামিনই প্রমাণ করে দেশে বিচার বিভাগ স্বাধীন।