সরকার যে গণতন্ত্রের কথা বলছে তা ‘ক্রসফায়ার তন্ত্রের’ বেড়াজালে আবদ্ধ বলে সমালোচনা করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, দেশের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডে সীমাবদ্ধ।
গণবিরোধী আখ্যা দিয়ে এ সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তারা।
ভোটারবিহীন আরেকটা নির্বাচন করতেই সরকার বিএনপি নেত্রীকে কারাবন্দি করেছে বলেও অভিযোগ তাদের।
রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে চলতি অর্থবছরে জনকল্যাণমূলক বাজেট পাওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করে তিনি বলেন, দেশে গণতন্ত্রের নামে ‘ক্রসফায়ার তন্ত্র’ চলছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাজেটের নামে সরকারদলীয় নেতাদের চাঙ্গা করতেই রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনকে জেলে রেখে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।