গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে এবং ভোট উৎসবকে ডাকাতি বলে জনগণের অভিপ্রায়কে অসম্মান জানিয়েছে বিএনপি— এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীরতে এক সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, পারলে গাজীপুরের ফলাফল নিয়ে আন্দোলন করুক বিএনপি।
এ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে বিএনপি-জামাতের নেতিবাচক, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ বলে জানান তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখেরও বেশি ভোটে নৌকার বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সংসবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিজয়কে শেখ হাসিনার সরকারের উন্নয়নের পক্ষে আর বিএনপি-জামাত জোটের সাম্প্রদায়িক অপরাজনীতির বিরুদ্ধে জনরায় বলে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, সব উদ্ভট আর আজগুবি বিষয় সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে বিএনপি।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পারলে এ নিয়ে আন্দোলন করুক বিএনপি।
জনআস্থা হারিয়ে অচিরেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ নিয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।