আগামি জাতীয় নির্বাচন এ সরকারের অধিনে হলে যে তা সুষ্ঠু হবে না সেটি প্রমান করতেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি—বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শুধু সরকারের সমালোচনা না করে নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এ মহাসচিব।
নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী মদদ দিচ্ছে বলেই সরকার খুলনা-গাজীপুরের মতো প্রহসনের নির্বাচন করতে পারছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারি এ প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকলে ভোট কারচুপি বন্ধ করা সম্ভব হোতো।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করায় ভোট কারচুপি করতে সরকারের তেমন একটা বেগ পেতে হচ্ছে না।
নেতারা বলেন, আগামি জাতীয় নির্বাচনে এ ধরনের অবস্থা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।