আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে বুধবার দলের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল নেতাদের সঙ্গে মতবিনিময় করে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, সাম্প্রদায়িক জাতিয়তাবাদী শক্তির বদলে অসাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা কাজ করতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামী হয়ে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে তারা পাশে থাকতে চান।
১৪ দল মুখপাত্র মো. নাসিম বলেন, ১৪ দলীয় জোট না মহাজোট- কোন জোটে নেয়া হবে— এটা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে জোটে আনতে নির্দেশনা আছে জোটনেত্রী শেখ হাসিনার।
তিনি আরো বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সংবিধানের বিদ্যমান ব্যবস্থাতেই নির্বাচনে আসবে। এক্ষেত্রে চক্রান্ত করে কোনো লাভ হবে না।