বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশের অনুমতি পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে দলটি।
আগামীকাল -শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম চালুর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করছে সরকার-এ অভিযোগ করেন বিএনপির এ নেতা।
জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে ইভিএম বন্ধের দাবি জানান তিনি।
ইভিএম দিয়ে ভোট কারচুপির ফন্দি আটছে বলেও অভিযোগ করেন রিজভী।
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ডিএমপি কমিশনারের কথা হয়েছে। এছাড়া পল্টন থানা থেকে মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
গত ১৫ জুলাই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
একই দাবিতে এর আগেও কয়েকবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়।