নির্বাচন যতোই ঘনাচ্ছে ততোই জমে উঠছে জোট রাজনীতির মেরুকরণ— আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা কৌশলে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরইমধ্যে নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয় জোট-বিএনএ'র সঙ্গে বসেছে ১৪ দল।
আর বিএনপি জামাতের বাইরে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন খোদ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশ্লেষকরদের ধারণা, দলগুলো যেন নির্বাচনমুখী হয় সেজন্য নির্বাচনী আবহ তৈরির লক্ষ্যেই কাজ করছে ক্ষমতাসীন দল। তাদের মত, বিএনপির নির্বাচনে না আসার বিকল্প নেই।
একাদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়টি বিশেষ বর্ধিত সভা থেকেই পরিস্কার করে দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় প্রধানের এমন বার্তা পেয়ে ১৪ দল আর মহাজোটের বাইরের দলগুলোকে নির্বাচনে আনতে তৎপর হয়ে উঠে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। বৈঠক হয়, ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে বেশ কয়েকটি দলের সঙ্গে।
এরই মধ্যে সকল বাম সংগঠনগুলো একই প্লাটফর্মে এসে 'বাম গণতান্ত্রিক জোট' নামে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটায়। এ জোট গঠনের কয়েক দিনের মাথায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টি অফিসে গিয়ে সিপিবি নেতাদের সঙ্গে দেখা করেন। ফোনে অন্য দলগুলোর নেতাদের সঙ্গে কথা হয় ওবায়দুল কাদেরের।
বিশ্লেষকের ধারণা, নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব যেন না হয় সেজন্য কৌশলে এগুচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নিজেদের অস্তিত্বের স্বার্থে বিদ্যমান ব্যবস্থাতেই বিএনপি এবার নির্বাচনে আসবে বলেই বিশ্লেষকদের ধারণা।