তিন সিটি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দফা সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, তিন সিটিতেই ন্যূনতম সুষ্ঠু ভোট হয়নি ক্ষমতাসীনরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
প্রশাসনের সহযোগিতায় বিএনপির সমর্থক এজেন্টদের মারধরও করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলেন রিজভী।
এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে রিজভী বলেন, আবারো প্রমাণ হলো যে এই সরকার ও আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন চলাকালে সোমবার সকাল ১১ টার পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দফায় সংবাদ সম্মেলনে তিন সিটিতেই ব্যাপক অনিয়মের অভিযোগ আনেন বিএনপির এ নেতা।
তিন সিটির বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীনরা বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিচ্ছে—এ অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম থেকে সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো ছিলো সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটিতেই ফুটতে শুরু করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারের লিপ্ত হতে পেরেছে।
তিনি আরো বলেন, অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টদের প্রবেশই করতে দেয়া হয়নি। বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থকদের মারধর করছে ক্ষমতাসীন দলের নেতারা।
বিএনপির সমর্থকদের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা মার্কায় ছিল মেরেছে আওয়ামী লীগের ক্যাডাররা— জানিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে।
পরে বিকাল ৪টার দিকে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলনে তিনি আবারো অভিযোগ করেন-রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে সরকার ভোট সন্ত্রাস করেছে।
এই সরকার ও প্রধান নির্বাচন কমিশনার দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী।
তিন সিটি নির্বাচনে অনিয়মের একটি পরিসংখ্যান তুলে ধরে এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মঙ্গলবার জানানো হবে বলে জানান বিএনপির এ নেতা।