বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
বুধবার বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জিয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিচারকাজকে প্রভাবিত করবে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
এদিকে, কারাগারে আটক খালেদা জিয়ার সঙ্গে দলের নেতা কর্মীদের দেখা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঈদের সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি জানান।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাও করে বিএনপি মহসচিব বলেন, তার এই বক্তব্য মামলায় প্রভাব পড়বে।
জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে ঢাকার পুরানো কারাগারে দেখা করতে যান। পুলিশি বাধার কারণে দেখা করতে না পেরে বিক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা।