বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন অন্ধকার- শ্বাসরোধী পরিবেশ বিরাজ করছে। একারণে বিএনপি তারেক রহমানের কারামুক্তি দিবস যথাযথভাবে পালন করতে পারেনি।
এক-এগারোর সরকারের বর্ধিতাংশ হচ্ছে আওয়ামী লীগ সরকার— উল্লেখ করে তিনি বলেন, এ সরকার এক-এগারোর সরকারের দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম দেয়া হয়েছে।
পরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ইয়ূথ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল দেশে কেউই নিরাপদ নয় উল্লেখ করে দেশকে বদলে দেয়ার জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিএনপি আসুক- বা না আসুক যথাসময়ে সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এক দলীয় শাসন কায়েম করতেই প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলছেন— তার এ বক্তব্যে জাতি হতাশ হয়েছে।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়েই সরকারের সকল বাধা প্রতিহত করা হবে বলেও হুশিঁয়ারি দেন বিএনপির এ মহাসচিব। নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারিও দেন তিনি।