কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে আবারো সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।
রোববার বিকেলে সচিবালয়ে বিএনপির মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ দাবি জানায়।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মেডিকেল বোর্ড যেখানে সুপারিশ করবে, সেখানেই খালেদা জিয়ার চিকিৎসা করা হবে।
কারাগারে খালেদা জিয়ার চিকিৎসার কোনো ক্রুটি হচ্ছে না বলেও এ সময় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেল ৩টার পরে সচিবালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির ৭ জন সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ— এ অবস্থায় সুচিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা দাবি জানানো হয়েছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউনাইটেডের সঙ্গে এবার আরেকটি বেসরকারি হাসপাতাল অ্যাপালোর কথাও বলেছেন মির্জা ফখরুল।
তবে তার দাবি, সেখানে নেয়া না নেয়ার বিষয়টি নির্ভর করছে, মেডিকেল বোর্ডের সুপারিশের উপর।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, কারাগারে খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাই দেওয়া হচ্ছে।
মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে, স্বরাষ্ট্র সচিব ও কারাকর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।