বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি।
সোমবার সকাল ১১টা থেকে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার এই কর্মসূচি পালন করছে দলটি। মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
গত বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, এর অংশ হিসেবে গত শনিবার বিক্ষোভ প্রতিবাদ করেছে দলটি।
সোমবার দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন ও আগামী বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে বিএনপি।
ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।
এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় ও জেলা শহরসহ সারাদেশে মানববন্ধন করেছেন দলের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশালের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা এতে অংশ নেন। খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে শহরের কলাবাগান এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।
এছাড়া, গাজীপুরের রাজবাড়ী সড়কে জেলা বিএনপি মানববন্ধনের করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়লে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এতে চার পুলিশসহ ১২ জন আহত হন।
ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ। একই দাবিতে মানববন্ধন হয়েছে খুলনা, বগুড়াসহ দেশের অন্যান্য জায়গাতেও।
গত ৪ সেপ্টেম্বর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ সম্পন্ন করতে পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে গেজেট প্রকাশ করে সরকার। গতকাল ওই আদালতে বিচার কাজও শুরু হয়।
প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।