লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে তিনি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
জাতীয় নির্বাচনের আগে এ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
গতকাল বিকাল সাড়ে ৫টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব।
গত বুধবার দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব। সেখানে পৌঁছানোর পর সেখানে তার সঙ্গে যোগ দেন লন্ডন থেকে আসা সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবীর।
বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন। পরদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে।
জানা গেছে, বৈঠকে বিএনপি মহাসচিব দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেন।
পরে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবারই লন্ডনে রওনা হন ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফেরেন তিনি।
বিএনপি নেতারা দাবি করেন মহাসচিবের এ সফর জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের উদ্যোগেই এ বৈঠক হয়। বৈঠকের আয়োজনে বিএনপি যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্ম ভাড়া করেছিল বলেও প্রকাশ পেয়েছে।