আগামী নির্বাচনে বিএনপির দেয়া রুপরেখার নিমিত্তেই সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
তারা বলেন- দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ— দাবি একটাই নিরপেক্ষ নির্বাচন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে নেতারা হুশিঁয়ারি দিয়েছেন-নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে।
আগামী এক মাসের মধ্যে দেশের অনেক কিছু পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তারা।
কোটা নিয়ে সরকার গঠিত কমিটির সুপারিশেরও নানা সমালোচনা করেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির সামনে বিরাট চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
বিএনপি নির্বাচনকালীন সরকারের যে রুপরেখা দিবে তার আলোকেই সরকারকে সমঝোতায় আসার আহ্বানও জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন প্রশ্নে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
এ সময় কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটির সুপারিশেরও সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন- এ নিয়ে আবারো শিক্ষার্থীদের সঙ্গে সরকার প্রতারণা করছে।
অন্য অনুষ্ঠানে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আগামী নির্বাচন প্রশ্নে তার সঙ্গে সরকারকে আলোচনার প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান।