জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, এই যে ১০ দল, ২০ দল তাদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে?
মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে— তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে?
প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।