পুলিশের অনুরোধেই বিএনপির সমাবেশ পিছিয়ে ২৯ সেপ্টেম্বর করা হলেও তারা আবার ওইদিন পরিবর্তনের কথা জানিয়েছে –এ অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ২৯ সেপ্টেম্বরই বিএনপি সমাবেশ করতে চায়—এ সমাবেশকে কেন্দ্র সরকারদলীয় নেতারা সংঘাতময় বক্তব্য ও হুমকি দিচ্ছেন বলেও এ সময় জানান মির্জা ফখরুল।
বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোট ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির মাঠ। তারই পরিপ্রেক্ষিতে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল অভিযোগ করেন, পুলিশের অনুরোধে বিএনপির জনসভার তারিখ দুই দিন পেছানোর পরেও আরেক দলের সমাবেশের কথা বলে আবারো জনসভা পেছাতে বলছেন তারা।
এ সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতারা সংঘাতময় বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়াসহ যুক্তফ্রন্টের নেতারা থাকবেন কি না এমন প্রশ্ন এড়িয়ে যান বিএনপি মহাসচিব।