বিএনপির ৭ দফা দাবি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সারাদেশে সাত দিনব্যাপী গণসংযোগের প্রথম দিন রাজধানীর গুলশান কাঁচাবাজারে কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপির সাত দফা দাবি অযৌক্তিক, অবান্তর এবং সংবিধান বিরোধী।
তিনি বলেন, বিএনপির এ সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোন কোনটি সংবিধান বিরোধী তাছাড়া নির্বাচনের সিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে এসব দাবি মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাও ক্ষমতায় থাকলে এই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারতো না। অসাংবিধানিক দাবি কেউ মেনে নিতে পারে না।
নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের শুরুতে সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। সারাদেশের সিটি করপোরেশনগুলোতে ওয়ার্ড পর্যায়ে এবং জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচিটি চলছে। এর অংশ হিসেবে ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গণসংযোগে অংশ নেন।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দাবিগুলো তারা শুধুমাত্র বলার জন্য বলছে। তাদের নেতাকর্মীদের চাঙা করতে এইসব আবোল-তাবোল দাবি তুলছে। তারাও জানে এই দাবিগুলো মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।
তার সঙ্গে গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সধারণ সম্পাদক সাদেক খানসহ থানা ওয়ার্ডের নেতাকর্মীরা।